Image description

হরমুজ প্রণালির নিকটে অবস্থিত বন্দর আব্বাসে এক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টকে তিনি এই তথ্য দেন।

 

হামলাটি ইসরায়েল না যুক্তরাষ্ট্র চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রগুলো সরাসরি হামলার বিষয়টি নিশ্চিত না করলেও প্রতিবেদনটি অস্বীকারও করেনি।

 

২০১৮ সালের আগস্ট থেকে আইআরজিসি নৌবাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন তাংসিরি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরে, বিশেষত হরমুজ প্রণালির আশপাশে তিনি ক্রমশ আক্রমণাত্মক অবস্থান নিচ্ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

গত সপ্তাহেই তাংসিরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মার্কিন-সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলো এখন থেকে মার্কিন ঘাঁটির সমতুল্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এবং সেগুলোতে পূর্ণ শক্তিতে হামলা চালানো হবে।

 

ইরানের নৌ সক্ষমতা ধ্বংস করাকে শুরু থেকেই সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় শতাধিক যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।