পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠে আয়োজিত এক মেলায় চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া বিটুল যুবদলের কেউ নন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
রোববার (২২ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ওই মেলায় অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে গেলে স্থানীয় মুসল্লিদের হাতে মারধরের শিকার হন বিটুল। তবে কয়েকটি গণমাধ্যমে তাকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।
যুবদলের দাবি, বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি এবং তার সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। একজন যুবলীগ নেতাকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যই দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এবং বেআইনি বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে পারবে না বলেও উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রকৃত পরিচয় নিশ্চিত করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়।