ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামে সমাজকল্যাণমন্ত্রীর পূর্বপুরুষের বসতবাড়ি। রবিবার (২২ মার্চ) এলাকায় গিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রোগী দেখেছেন, আজ সোমবারও সকাল ১০টা থেকে আবারও রোগীদের সঙ্গে কথা বলেছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সকাল ১০টা থেকে বাড়ির সামনে রোগীর ভিড়।
তিনি বলেন, ‘গ্রামের সহজ-সরল মানুষজন। আমি রোববার সন্ধ্যায় বাড়ির আঙিনায় রোগী দেখতে বসেছি, রাত ৩টা পর্যন্ত রোগী দেখেছি। আজকে সকাল ১০টায় বসেছি, রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছি।
মন্ত্রী বলেন, ‘গ্রামের এই পরিবেশে আমার ঈদের ছুটি কাটছে। গ্রামের সহজ-সরল মানুষগুলোর চিকিৎসাসেবা দিতে পেরে ভালো লাগছে। তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে।
তিনি বলেন, ‘ঈদের দিন রাষ্ট্রীয় কর্মসূচিতে ঢাকায় ছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলাম। এরপর প্রধানমন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে এসেছি। রাতে আবার ঢাকায় ফিরে যাব।
এয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর নিয়ে এই আসনটি মূলত জেলার প্রত্যন্ত অঞ্চল।