Image description

বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের ৫ম তলায় স্টোর রুমে (ফোমের গোডাউন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় পাশের ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের মধ্যে চরম ভীতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ অবস্থায় অক্সিজেন সংকট দেখা দিলে দুই রোগী মারা যান বলে জানা গেছে।

নিহতরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ার হাট এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আবুল হোসেন হাওলাদার (৬৫)। তিনি স্ট্রোকজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। অপর নিহত ব্যক্তি পটুয়াখালী সদরের মমিন কাজীর পুত্র আতাউর রহমান কাজী।

স্বজনদের অভিযোগ, মৃত্যুর আগে আতাউর রহমান কাজীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স চালকের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে অক্সিজেন সরবরাহ করা হয়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসার সদস্য রাজিব, নাজমুল ও হাসিবুল আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আগুনের খবর পেয়ে রাত ১২টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সরকারি গোয়েন্দা সংস্থার একটি সূত্র দুই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। একই সঙ্গে হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও জরুরি চিকিৎসা সেবার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।