ইরান যুদ্ধের মধ্যস্থতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন প্রস্তাব দিয়েছেন এবং সেগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এই পরিস্থিতির শুরু থেকেই প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা কমাতে সহায়তা করতে পারে, এমন বিভিন্ন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এসব প্রস্তাবের অনেকগুলো এখনো টেবিলে রয়েছে।’
তিনি বলেন, ‘রাশিয়া তার সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত এবং তা করতে আগ্রহী।
পেসকভ এই মন্তব্য করেন এমন একদিন পর, যখন পুতিন ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং ক্রেমলিনের মতে, ইরানের যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে কিছু প্রস্তাব তুলে ধরেন।
তবে পেসকভ ওই প্রস্তাবগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানান।
অন্যদিকে ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেন, পুতিন ইরান সংকট সমাধানে ‘সহায়ক হতে চান’।
ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারি চুক্তি থাকা রাশিয়া ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। তবে বড় জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে তেলের দাম বাড়ায় রাশিয়া এ পরিস্থিতি থেকে অর্থনৈতিকভাবে লাভবানও হয়েছে।
এদিকে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ সপ্তাহান্তে বলেছেন, তিনি রাশিয়াকে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ না করার অনুরোধ করেছেন।
পেসকভ এসব প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং পুতিন-ট্রাম্প ফোনালাপে বিষয়টি উঠেছিল কি না—তা-ও বলতে চাননি।