Image description

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

মঙ্গলবার (১০ মার্চ) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত বিবৃতিতে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জামায়াত কর্মী হাফিজুর রহমানকে নিহত করে এবং তার আপন ভাই, জীবননগরের বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান গুরুতরভাবে আহত হন। দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

আরও বলা হয়েছে, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বিএনপির নেতাকর্মীদের এই বর্বর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। এই নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপির সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

 
 

 

এ সময় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, সরকারকে অবশ্যই দেশে আইনের শাসন এবং নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি তা না করা হয়, তবে অপরাধীরা আরও উৎসাহিত হয়ে হত্যা, খুন, ধর্ষণসহ নানা অপকর্মে লিপ্ত হবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে। এই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।