Image description

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পাথরের সঙ্গে একটি মর্টাল শেল পাওয়া গেছে। পাথরের ট্রাকে আসা মরিচা ধরা মর্টাল শেলটি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (৯ মার্চ) রাতে পঞ্চগড়ের বাংলাবান্ধা বিওপি এলাকা থেকে উদ্ধার করা হয়।

 

মর্টাল শেল উদ্ধারের পর তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। বর্তমানে মর্টার শেলটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে আমদানি করা পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার শেল সদৃশ একটি বস্তু দেখতে পান। লোহার বস্তু মনে করে তিনি সেটি ঝাঁড়ুয়াপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। একই সঙ্গে আদালতের পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।