বিএনপির হামলায় বড় ভাই হাফিজুর রহমানের মৃত্যুর ১০ দিন পর মারা গেলেন ছোট ভাই মফিজুর রহমান। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াতের জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
হামলায় আহত মফিজুর রহমানের ভাতিজা মাহফুজুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। মাহফুজও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বিএনপির হামলায় চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে উপজেলার সুটিয়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৩২) ও তার বড় ভাই হাফিজুর রহমানের (৪৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাদের ঢাকা নেওয়া হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ রাতে হাফিজুর রহমান মারা যান। আর বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি ১০ দিন পর আজ দুপুরে মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। সংর্ঘষের ঘটনায় হাফিজুর রহমান নিহতের পর ২ মার্চ জীবননগর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।