ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আক্রমণের মধ্যে ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি ভূখণ্ডের সমস্ত ক্রসিং বন্ধ করার ঘোষণা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার (১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ফিলিস্তিন অঞ্চলগুলোতে ইসরায়েলের সরকারি কার্যকলাপ সমন্বয়কারী সংস্থার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
এ বিবৃতিতে বলা হয়, পরিস্থিতির মূল্যায়ন শেষে এবং (ইরানের বিরুদ্ধে) ইসরায়েলি ও আমেরিকান সেনাবাহিনীর অভিযানের পর আগামীকাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডের সমস্ত ক্রসিং বন্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার রাফাহ ক্রসিংসহ সব ক্রসিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্ত সমস্ত ফিলিস্তিনিদের জন্য প্রযোজ্য। তবে ‘অত্যাবশ্যক কর্মী’ পারমিটধারী ব্যক্তিরা এসব ক্রসিং পার হতে পারবেন
ইসরায়েলি সরকারের দাবি, গাজার ক্রসিং বন্ধ করে দেওয়ায় তা এ অঞ্চলের ‘মানবিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে না’।
এদিকে আনাদোলু এজেন্সির এক সংবাদদাতা জানিয়েছেন, বেশ কয়েকটি ইসরায়েলি বসতিতে সাইরেন বাজানোর কিছুক্ষণ পরেই দখলকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় বড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এবং ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছিল।