Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে একই সঙ্গে নতুন করে সামরিক হামলা হলে তা মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত বলেও সতর্ক করেছেন তিনি। একইসাথে তিনি সাত দিনের একটি প্রস্তাবও তুলে ধরেন, যার আওতায় তেহরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে পারে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমরা কূটনীতির জন্য প্রস্তুত। একই সঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন—এমন বক্তব্যের বিষয়ে আরাগচি বলেন, তেহরান বিষয়টি শুনেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তারা।

আরাগচি জানান, যুক্তরাষ্ট্র ইরানের চাওয়া কয়েকটি পদক্ষেপ নিলে তেহরান সাত দিনের একটি প্রক্রিয়ার আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে পারে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া, দেশটির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়া।

তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব খুবই স্পষ্ট। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে আমরা প্রণালি খুলে দিতে প্রস্তুত।’

আরাগচির ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন চার থেকে পাঁচ দিনের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তি নিয়ে দুই পক্ষ আবার আলোচনা শুরু করবে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং পরবর্তী সামুদ্রিক অবরোধের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কার্যক্রম কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্বে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়ে থাকে।