সৌদি আরবে মুসলিমদের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ পাওয়া গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট অভিযোগ করেছে, হুতি বিদ্রোহীরা বুধবার (গতকাল) পবিত্র শহর মক্কা লক্ষ্য করে হামলা করেছিল। রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স সিস্টেম হুতি মিলিশিয়াদের ছোড়া ড্রোন ধ্বংস করেছে। তারা জানিয়েছে, পবিত্র শহরের দুইটি পবিত্র মসজিদ ও তীর্থযাত্রীরা হলো রেড লাইন। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামরিক জোট দ্বিধা করবে না।
মক্কায় ড্রোন হামলা
হুতির পক্ষে হাজেম আল-আসাদ এক্সে বলেছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে। এই ধরনের মিথ্যা কথা আগেও বলা হয়েছিল। এসব আর কেউ বিশ্বাস করবে না। মঙ্গলবার সৌদি আরব মক্কায় সম্ভাব্য আক্রমণ নিয়ে রেড অ্যালার্ট জারি করেছিল। অন্যদিকে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এই ‘জঘন্য’ আক্রমণের নিন্দা করেছে। ওআইসিতে ৫৭টি মুসলিম দেশ আছে। সৌদি আরবের উপর ইয়েমেনে থাকা হুতিরা হামলা তীব্র করেছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতিরা সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের বিরুদ্ধে লড়ছে। সোমবার রাতে হুতিরা সৌদির ওপর হামলা করে। তাতে ১৩ জন আহত হয়েছেন। জুলাই থেকে সব মিলিয়ে হুতির হামলায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি
ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী গতকাল দাবি করেছে, তারা একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা বলেছে, বিমানটিকে লক্ষ্যবস্তু করতে তারা দেশীয়ভাবে তৈরি গোলাবারুদ ব্যবহার করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘হুতিরা মারিব প্রদেশের আকাশসীমায় দেশটির সামরিক তত্পরতাকে সমর্থন করে শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’ যুদ্ধবিমানটিকে দেশীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।
নাগরিকদের সৌদি সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, ‘ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকলাপ সংক্রান্ত স্থানীয় আইন এই সতর্কতার কারণ। ঘোষণায় আরো বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি আরো বেশি।
ইরানের অধিকার রক্ষার আশ্বাস চীনের
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় বলেছেন, তার দেশ ইরানের অধিকার রক্ষায় প্রস্তুত। বেইজিং সফররত আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখতে প্রস্তুত। তিনি বলেন, আমরা ইরান ও যুক্তরাষ্ট্রকে যুক্তিবোধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করার কথা রয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স
ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, আগামী কয়েক মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ একেবারে ভিন্ন এক পর্যায়ে প্রবেশ করবে। তবে তিনি ট্রাম্পের এ বক্তব্যের সঙ্গে একমত যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই এই যুদ্ধের অবসান হবে। সোমবার একটি বিমানে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের সময়ের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে। তিনি বলেন, ‘আমরা ভবিষ্যত্ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি না, তবে আমি মনে করি প্রেসিডেন্ট ঠিকই বলেছেন যে আগামী কয়েক মাসে এটি একেবারেই ভিন্ন ধরনের পরিস্থিতিতে পরিণত হবে। তিনি (ডোনাল্ড ট্রাম্প) সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও। তাই কখন সংঘাত শুরু হবে এবং কখন শেষ হবে, তা তিনিই নির্ধারণ করেন।