Image description

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর দিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানী । আসন্ন বিশ্বকাপের ম্যাচ গ্যালারিতে বসে দেখার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এক হাজার সাধারণ নিউ ইয়র্কবাসীর । মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট পাওয়ার এক অভূতপূর্ব সুযোগ তৈরি করে দেবে নিউ ইয়র্ক সিটি প্রশাসন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানী ঘোষণা করেন, সিটির বাসিন্দাদের জন্য বিশেষ লটারির মাধ্যমে ১,০০০টি ছাড়কৃত টিকিট বিতরণ করা হবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মোট ৭টি ম্যাচের জন্য এই টিকিটগুলো বরাদ্দ থাকবে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের ৫টি ম্যাচ এবং নকআউট পর্বের ২টি ম্যাচ। প্রতিটি ম্যাচের জন্য ১৫০টি করে টিকিট লটারির মাধ্যমে সাধারণ মানুষ কিনতে পারবেন, যার প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ ডলার।

সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানী বলেন, তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন নিউ ইয়র্কবাসীদের জন্য এই ম্যাচগুলো দেখার খরচ কমিয়ে আনা হবে এবং তিনি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছেন যে, প্রশাসন ঠিক সেটাই করতে যাচ্ছে। তিনি জানান, অসংখ্য নিউ ইয়র্কবাসী আছেন যারা স্টেডিয়ামে গিয়ে বিশ্বকাপ দেখার জন্য উদগ্রীব, কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তা পারছেন না। প্রশাসন মূলত নিশ্চিত করতে চায় যে, যে শ্রমজীবী মানুষ এই খেলাটি তৈরিতে ভূমিকা রেখেছে, তারা যেন চড়া দামের কারণে গ্যালারি থেকে বঞ্চিত না হন।

সিটি হলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই লটারি প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। আগামী ২৫ মে, সোমবার সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৩০ মে, শনিবার রাত ১২টায় বন্ধ হয়ে যাবে। নিউ ইয়র্কের বাসিন্দারা প্রতিদিন একবার করে লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তবে প্রতিদিন সর্বোচ্চ ৫০,০০০টি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। লটারির চূড়ান্ত ফলাফল আগামী ৩ জুন, বুধবার বিজয়ীদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে । বিজয়ী প্রত্যেকে সর্বোচ্চ ২টি করে টিকিট কেনার সুযোগ পাবেন।

বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়ার জন্য টিকিট বিজয়ীদের পকেট থেকে কোনো যাতায়াত খরচও করতে হবে না। মেয়র ঘোষণা করেছেন, টিকিট বিজয়ীদের মেটলাইফ স্টেডিয়ামে আনা-নেওয়ার জন্য সিটি প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হবে। একই সাথে টিকিট কালোবাজারি ও জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সিটি প্রশাসন। মেয়র স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই টিকিটগুলো সম্পূর্ণ অ-হস্তান্তরযোগ্য এবং শুধু প্রকৃত নিউ ইয়র্কবাসীরাই যেন এই সুবিধা পান তার জন্য কঠোর যাচাইকরণ প্রক্রিয়া থাকবে। জালিয়াতি এড়াতে বিজয়ীদের হাতে আগে থেকে কোনো টিকিট দেওয়া হবে না, বরং মেটলাইফ স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে, বাসে ওঠার নির্দিষ্ট স্থানে সরাসরি বিজয়ীদের পরিচয় যাচাই করে টিকিট বুঝিয়ে দেওয়া হবে। আগামী জুন ও জুলাই মাস জুড়ে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ঘিরে এখন থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে নিউ ইয়র্ক জুড়ে।