Image description

ইরানের শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরান-এ মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলাকে একটি ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে এর পেছনে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের পাস্তুর ইনস্টিটিউটে মার্কিন-ইসরায়েলি ইচ্ছাকৃত হামলা ছিল একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

মুখপাত্র বাঘাই আরও বলেন, এই শতবর্ষী বৈজ্ঞানিক ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা চালানোর অর্থ হলো ইরানের বেসামরিক জনগণের স্বাস্থ্য, বিজ্ঞান এবং বেঁচে থাকার মৌলিক অধিকারের ওপর আঘাত হানা।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক বিবৃতির প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন বাঘাই। ওই বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানটি ধ্বংসের ফলে আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

ল্যানসেটের তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে যে সাম্প্রতিক বোমা হামলার পর পাস্তুর ইনস্টিটিউট আর কার্যকর নেই এবং স্বাস্থ্যসেবা দিতে সক্ষম নয়। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই দুর্বল অবস্থায় থাকা ইরানের জনস্বাস্থ্য ব্যবস্থা সাম্প্রতিক হামলার পর আরও সংকটাপন্ন হয়ে পড়েছে।