তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মেরসিন শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, হামলাকারী প্রথমে একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে অন্তত দুজনকে গুলি করে হত্যা করে। এরপর সে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি স্থানে আরও দুজনকে গুলি করে হত্যা করে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেরসিন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে তারসুস এলাকার উত্তর দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই বন্দুকধারীকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। পলাতক শুটারকে খুঁজে বের করতে স্থলবাহিনীর পাশাপাশি আকাশে হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী একজন ১৭ বছর বয়সী কিশোর।
উল্লেখ্য, তুরস্কে কিশোরদের জড়িয়ে এটাই প্রথম সহিংসতার ঘটনা নয়। এর ঠিক এক মাস আগেও দেশটিতে দুই কিশোরের পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি ঘটল।