নতুন দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে দাবি করেছে দেশটি।
মঙ্গলবার সফল হয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা। এ সময় ভ্লাদিমির পুতিন দাবি করেন, সারমাত বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
তার ভাষ্য, এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর বিদ্যমান যেকোনো ব্যবস্থার তুলনায় চার গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ এটিকে যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সারমাত একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। এটি দীর্ঘ দূরত্বে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম বলে জানিয়েছে রাশিয়া।
এমন সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ওই চুক্তির আওতায় দুই দেশ নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে বাধ্য ছিল।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও উচ্চপর্যায়ের সামরিক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও মস্কো। তবে শিগগিরই নতুন কোনো চুক্তি বা মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।