Image description

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরান-মার্কিন বিরোধ নিরসনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। দু’দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে, যা সমাধান করা জরুরি।

 

সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিদ্যমান দ্বন্দ্ব ও সমস্যাগুলো নিরসনে পাকিস্তান নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, দুই দেশের মধ্যকার সংঘাত নিরসনে বর্তমানেও সক্রিয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি এখনও বলবৎ আছে। তবে কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে যা সমাধান করা জরুরি।

 

তিনি জোর দিয়ে বলেন, আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

 

ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি একে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেন। শাহবাজ শরিফ বলেন, ‘এমন এক সময়ে পাকিস্তান এই মধ্যস্থতা করার এবং আলোচনা আয়োজনের সুযোগ পেয়েছে, যখন বিশ্ব অর্থনীতি এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’

 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের এই কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।