Image description

ওয়াশিংটনে লেবানন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আসন্ন আলোচনায় যুদ্ধবিরতির পথ বের হবে বলে আশা প্রকাশ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

 

সোমবার (১৩ এপ্রিল) ইতালির পরাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানিকে দেওয়া এক মন্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আগামীকাল বসবে যুদ্ধবিরতির এই আলোচনা।

 

প্রেসিডেন্ট আউন বলেন, লেবানন শত্রুতার অবসান ঘটাতে এবং দক্ষিণাঞ্চলকে স্থিতিশীল করতে ‘লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরুর লক্ষ্যে একটি চুক্তি’ চায়।

 

তিনি বলেন, একটি টেকসই সমাধানে পৌঁছানোর সুযোগ রয়েছে। এটি একতরফা হতে পারে না ও ইসরায়েলকে অবশ্যই তার আগ্রাসন বন্ধ করতে… এবং আলোচনা শুরু করার আহ্বানে সাড়া দিতে হবে।

 

 

লেবাননের সরকারপ্রধান আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ কোনো সমাধান নয় এবং এর দ্বারা কোনো ফলও অর্জিত হবে না। কারণ সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে কূটনৈতিক সমাধানই সর্বদা সর্বোত্তম পন্থা।

 

আলোচনা আয়োজনের জন্য ইতালির প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আলোচনা লেবাননের রাষ্ট্র দ্বারাই পরিচালিত হবে, অন্য কোনো পক্ষ দ্বারা নয়।

 

তিনি আরও বলেন, অস্ত্র চোরাচালান রোধে লেবানন রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ও সীমান্ত ক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

 

আগামীকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-দেশীয় আলোচনা। সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম কোনো সরাসরি এবং আনুষ্ঠানিক যোগাযোগ।

 

এর আগে, লেবাননে ইসরায়েলের চলমান হামলা ‘ইসলামাবাদ সংলাপে’ প্রভাব ফেলেছিল। ইরানের শর্তে দেশটিতে যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল তা মেনে নেয়নি।

 

তেল আবিবের দাবি, লেবানন সরকারের সঙ্গে আলোচনায় ‘হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি’ নিয়ে কোনো আলোচনা করবে না তারা।

 

সূত্র: আলজাজিরা