সিলেটে মন্ত্রীর উপস্থিতিতে তার পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন যুবদল নেতারা। এতে রাগ করে অনুষ্ঠানস্থল থেকে চলে যান প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফলে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেটের গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানস্থলে যাওয়ার পর তার পাশের চেয়ারে গিয়ে বসেন এক যুবদল নেতা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় আরেক যুবদল নেতা। এ নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই নেতা। একপর্যায়ে যা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই নেতার পক্ষ নিয়ে আরও অনেকে যোগ দেন।
নিজের সামনেই নেতাকর্মীরা এমন মারামারিতে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান শেষ না করেই চলে যান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই সময় পুলিশ পাহারায় তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। এতে পণ্ড হয়ে যায় স্কুলে ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। তবে পরে মন্ত্রী অন্য অনুষ্ঠানে যোগ দেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। পরে মন্ত্রীর নির্দেশে তাকে নিয়ে আমরা অনুষ্ঠানস্থল থেকে চলে আসি। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়ে যায়।