কুড়িগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১২ এপ্রিল) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী চৌদ্দঘুড়ি বিওপির সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ।
আটক দুজন হলেন—কচাকাটা থানার ডুমুরদহ গ্রামের মো. সোলেমান সরকার ও ভুরুঙ্গামারী উপজেলার কুমারটারী দক্ষিণ বলদিয়া গ্রামের মো. সোহাগ মিয়া। এ ঘটনা চৌদ্দঘুড়ি বিওপিতে জানান তাদের পরিবারের সদস্যরা।
বিজিবি জানায়, আজ রাত ৮টায় সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে আটক দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কচাকাটা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক।