পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। গত ৫০ বছরের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনা টানা দুই ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। আবার এই আলোচনা শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথম দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনার টেবিলে বসলেন। বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় পাকিস্তানের সেনাপ্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।
পুরো আলোচনাটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে শুরু হয়। দুই ঘণ্টা আলোচনার পর প্রতিনিধিদলগুলো বিরতিতে যায়।
শীর্ষ নেতৃত্বের আলোচনার পাশাপাশি ইসলামাবাদে দুই দেশের টেকনিক্যাল ও বিশেষজ্ঞ কমিটির সদস্যরাও দীর্ঘ বৈঠকে মিলিত হয়েছেন। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষের বিশেষজ্ঞ পর্যায়ের এই আলোচনা এখনো চলমান রয়েছে। আলোচনার জটিলতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনে এই সংলাপের সময়সীমা আরও এক দিন বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি ও মিডল ইস্ট আই