Image description

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্লি ওয়ার্নিং রাডার বিমান (আকাশে যুদ্ধ নিয়ন্ত্রণকারী বিমান) ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (২৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের ১২ জন সেনাসদস্য আহত হয়েছেন এবং বেশ কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক আকাশযান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটগুলোর মধ্যে একটি অত্যন্ত আধুনিক ‘ই-৩ সেন্ট্রি’ বিমান রয়েছে, যা মূলত আকাশুবর্তী সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে কাজ করে। যে কারণে এটিকে ‘উড়ন্ত রাডার’ নামেও ডাকা হয়।

সামরিক বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে মাত্র ১৬টি সচল ‘ই-৩ সেন্ট্রি’ বিমান রয়েছে। এর একেকটি তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৩৭০ মিলিয়ন পাউন্ড) ব্যয় হয়।

এই বিমানগুলো মূলত যুদ্ধক্ষেত্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। শত শত মাইল দূর থেকে উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান ট্র্যাক করার অসামান্য ক্ষমতা রয়েছে এই বিমানের। সামরিক বিশ্লেষকদের মতে, এই রাডার বিমানগুলো কমান্ডারদের যুদ্ধক্ষেত্রের একটি সার্বক্ষণিক বাস্তব চিত্র (রিয়েল-টাইম পিকচার) সরবরাহ করে। এর ফলে তারা যেকোনো আকস্মিক হুমকি মোকাবিলায় খুব দ্রুত সেনা ও পাল্টা অস্ত্র মোতায়েনের নিখুঁত নির্দেশনা দিতে পারেন।