মাত্র দেড় মাসও টিকলেন না ইগর টিউডর। দায়িত্ব নেওয়ার ৪৪ দিনের মাথায় টটেনহাম হটস্পারের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের পদ ছাড়লেন এই ক্রোয়েশিয়ান কোচ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই বিচ্ছেদ হয়েছে।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়ার পর সাতটি ম্যাচ পরিচালনা করেন টিউডর। তবে এই সময়ের মধ্যে ফলাফল ছিল হতাশাজনক। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে পাঁচটি হার এবং মাত্র একটি ড্র—এই পারফরম্যান্সই শেষ পর্যন্ত তার বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।
সবশেষ নটিংহাম ফরেস্টের কাছে ৩-০ গোলের হারের পর চাপ আরও বেড়ে যায়। সেই ম্যাচের পর প্রিমিয়ার লিগে ১৭তম স্থানে নেমে যায় টটেনহাম, রেলিগেশন জোনের খুব কাছাকাছি অবস্থানে।
টিউডরের অধীনে লিগে জয়হীন ছিল দলটি। দায়িত্ব নেওয়ার পর থেকে পাওয়া একমাত্র পয়েন্টও এসেছে শেষ মুহূর্তের গোলে। আক্রমণভাগে উন্নতির চেষ্টা থাকলেও গোল, সুযোগ তৈরি ও রক্ষণ—সব দিকেই পিছিয়ে ছিল দল।
ক্লাব জানিয়েছে, নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। আপাতত সহকারী কোচ ব্রুনো সালতোর তত্ত্বাবধানে অনুশীলন চালাবে দল। কোচিং স্টাফের আরও দুই সদস্যও ক্লাব ছেড়েছেন।
টিউডরের সময়টাকে কঠিন বলেই মনে করা হচ্ছে। একদিকে ছিল টানা খারাপ ফল, অন্যদিকে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি। ফলে শুরু থেকেই চাপে ছিলেন তিনি।
সব মিলিয়ে, এই মৌসুমেই তৃতীয় কোচ খুঁজতে হচ্ছে টটেনহামকে। সামনে কঠিন সূচি—লিগে টিকে থাকার লড়াইটাই এখন ক্লাবটির প্রধান লক্ষ্য।