Image description

ইনানের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিরশেবা এলাকার শিল্পাঞ্চলে ভয়াবহ আগুন এবং কালো ধোঁয়া উড়তে দেখা যায়। হামলায় রাসায়নিক কারখানা ক্ষতিগ্রস্থ হওয়ায় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই কারখানার কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থান করতে এবং সতর্ক থাকতে বলা হয়েছে।

 

রোববার (২৯ মার্চ) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।

 

দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিরশেবার নিওত হোভাব শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে হামলায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

 

সংবাদমাধ্যম কান নিউজের এক্স পোস্টের এক ভিডিওতে দেখা গেছে, ওই এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে। উদ্ধারকারীরা আগুন নেবোনোর কাজে তোড়জোড় শুরু করেছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের বিরশেবায় নিওত হোভাব শিল্পাঞ্চলে ইরানের হামলায় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই এর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থান করতে এবং সতর্ক থাকতে বলা হয়েছে।

 

নিওত হোভাব শিল্পাঞ্চল এলাকাটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবা থেকে মাত্র ৪ মাইল দূরে অবস্থিত। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত এক ব্যক্তির আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

 

ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিওত হোভাব এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে এবং তাদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ কারখানায় বিপজ্জনক উপকরণ রয়েছে, সেটা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

এর আগে ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে একযোগে বড় ধরনের হামলা চালানোর খবর দিয়েছিল সংবাদমাধ্যম আলজাজিরা। রোববার (২৯ মার্চ) চালানো এ হামলার ফলে একসঙ্গে ইসরায়েলের ১০০টির বেশি শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে হিজবুল্লাহর রকেট হামলা একই সময়ে শুরু হওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম) প্রচণ্ড চাপের মুখে পড়েছে। উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় সাইরেনের শব্দে আতঙ্কিত বাসিন্দারা বাংকারে আশ্রয় নিচ্ছেন। হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

 

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি টেলিভিশন চ্যানেলের তেহরান কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

টানা ৩০ দিন ধরে চলমান এ যুদ্ধে মার্কিন–ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে, এরমধ্যে ২১৬টি শিশু রয়েছে। রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ। আহতদের মধ্যে ১ হাজার ৭৬৭টি শিশু। এ ছাড়া হামলায় ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরীসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।