Image description

শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার তাদের সামনে আসবেন না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার জন্য উদাহরণ হতে যাচ্ছে।

শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, যারা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা, তারা আমাদের ক্যাম্পাসে এসেছেন। শুরুতেই তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা যেখানে যাবেন, আপনারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এটি দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয়। আমি উচ্চশিক্ষার পৃথিবীতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। তোমরা দুই লাখের বেশি প্রতিযোগীর মধ্যে থেকে এখানে সুযোগ পেয়েছ। সুতরাং তোমরা সামনের দিনগুলোতে নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশা করছি। তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেসব সুযোগ-সুবিধা নেই, সেগুলো নিয়ে কাজ করার কথা ইতোমধ্যেই আমরা ভেবেছি। আমরা চাই, এখান থেকে সেরা সেরা মানুষ তৈরি হোক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, তোমরা সর্বপ্রথম যে কোনো ধরনের মাদককে না বলবে এবং অসৎ সঙ্গ পরিহার করবে। ব্যাংক অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাংকিং-সংক্রান্ত কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার করবে না। একই সঙ্গে সামাজিক মাধ্যমে অপরিচিত কারও সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে না।

‎‎তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, আমার শিক্ষার্থীদের পর্যাপ্ত খাওয়া-দাওয়ার জন্য সরকারি কোনো ধরনের সহযোগিতার সুযোগ আছে কি না, বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন।