ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে সম্প্রতি করা রং বৃষ্টির পানিতেই ধুয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে নিম্নমানের কাজ ও তদারকির ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
আজ শনিবার বিকেলের বৃষ্টির পর হলের বিভিন্ন অংশে (বিশেষ করে করিডরের দেয়াল) রং উঠে যেতে দেখা যায়। অল্প সময়ের ব্যবধানে এমন অবস্থা সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
হলের একাধিক শিক্ষার্থী জানান, সম্প্রতি পুরো হলেই রং করার কাজ শেষ করা হয়। কিন্তু সামান্য বৃষ্টিতেই যদি রং উঠে যায়, তাহলে এটি স্পষ্টভাবে নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ।
তারা বলেন, এভাবে সরকারি অর্থ অপচয় হচ্ছে, অথচ শিক্ষার্থীদের ভোগান্তি থেকেই যাচ্ছে।
হলের আবাসিক শিক্ষার্থী মঈনউদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাজ করার সময় কোনো তদারকি ছিল না বলেই মনে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা কাজ করে চলে গেছে, এখন তার ফল ভুগতে হচ্ছে আমাদের।’
রং উঠে যাওয়ার বিষয়ে সূর্যসেন হলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান জাবের আজকের পত্রিকাকে বলেন, ‘হলের করিডরের রেলিংয়ে যে রং করা হয়েছে, সেটি শুরু থেকেই নিম্নমানের ছিল।’
জাবের আরও বলেন, ‘আপনারা বিষয়টি তুলেছেন, আমরাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আগামীকাল রং উঠে যাওয়া সংশ্লিষ্ট অংশ পরিদর্শন করে এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার জন্য উদ্যোগ নেব।’
এ বিষয়ে জানতে চাইলে সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব বলেন, ‘এটি নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ ওই কমিটিতে প্রভোস্ট স্যার কে প্রধান করে আরও কয়েকজন স্যার ছিলেন। তাদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন এ কর্মকর্তা।
এ বিষয়ের বক্তব্য জানতে হলের প্রাধ্যক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।