Image description

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার এক ঘোষণায় বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়েছে। তিনি বলেছেন, চলমান যুদ্ধবিরতির সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতা শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, সামরিক পদক্ষেপের বিষয়ে কংগ্রেসকে জানানোর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য, অন্যথায় তাকে যুদ্ধের কার্যক্রম বন্ধ করতে হয়।

তবে শুক্রবার কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, গত মাসে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির কারণে ওই আইনের বাধ্যবাধকতা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই, নিজের এই যুক্তিকে আরও জোরালো করতে এমন কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, যুদ্ধবিরতির পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি এবং ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ এ শুরু হওয়া যুদ্ধ সমাপ্ত হয়েছে। তবে তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি এখনো গুরুত্বপূর্ণ রয়েছে।
ট্রাম্পের এই বক্তব্য ঘিরে ধোঁয়াশা শুরু হয়েছে। তিনি এই ঘোষণার মাধ্যমে আসলেই কি ইরান যুদ্ধের ইতি টানলেন- তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যদিও এর আগে বহুবার স্ব-বিরোধী বক্তব্য দিয়েছেন ট্রাম্প।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পরেও ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ফের শুরু হতে পারে। আবারো যুদ্ধ শুরুর শঙ্কার বিষয়ে তেহরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মতৈক্যে পৌঁছানো বা চুক্তি না করাকে উল্লেখ করেছে।
ইরানের সামরিক সদরদপ্তরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের সকল বক্তব্য এবং পদক্ষেপে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় প্রথমত, তেলের দামে পতন ঠেকাতে এবং দ্বিতীয়ত, তারা যে মহা বিশৃঙ্খলা তৈরি করেছে তা থেকে বের হতে।
খাতাম আল আম্বিয়ার এই কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন কোনো অভিযান বা বোকামির জবাব দিতে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল- জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বর্তমান মূল্যায়ন হলো যে, যুদ্ধের আরেকটি পর্ব শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে।
এদিকে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের রিপোর্টে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চললেও তেহরানে আবার হামলার পরিকল্পনা করেছেন ট্রাম্প।
দুইটি নামহীন সূত্রের বরাতে গত বুধবার অ্যাক্সিওস জানায়, ইরানের বিরুদ্ধে আবারো সামরিক অভিযান চালাতে নতুন পরিকল্পনা প্রস্তুত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

নতুন পরিকল্পনার বিষয়ে ইতিমধ্যে গত বৃহস্পতিবার সেন্টকমের কমান্ডার এডমিরাল ব্রাড কুপার ট্রাম্পকে ব্রিফ করেছেন। তবে এই ব্রিফের বিষয়ে পরবর্তীতে সংবাদ মাধ্যমে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অ্যাক্সিওস জানায়, সেন্টকম ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি এবং শক্তিশালী ধারাবাহিক হামলার কথা বিবেচনা করছে। মার্কিন বাহিনী আশা করছে, তেহরানে অবিরাম হামলা চালালে দেশটি পারমাণবিক ইস্যুতে তাদের দাবি কমাবে এবং আলোচনার টেবিলে ফিরবে।
অ্যাক্সিওস ও বিবিসি জানায়, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের পরিকল্পনায় দেশটির তেল রপ্তানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার ও আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কের মতো অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করার প্রস্তাব দেয়া হয়েছে।

এখন শুধু নতুন যুদ্ধ শুরু করতে ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে মার্কিন বাহিনী। এর আগে ট্রাম্প বলেন, মার্কিন সেনারা ফের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে।
অন্যদিকে এই যুদ্ধের অন্যতম খেলোয়াড় ইসরাইল লেবাননের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে লেবাননে হামলা চালানো যাবে না বলে উল্লেখ ছিল।
সর্বশেষ ইসরাইল বলেছে, তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। এ ছাড়া দেশটি জানায়, ইরানে এখনো আমাদের কাজ শেষ হয়নি।