Image description

অভিনেত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কেরালার ইডুক্কি জেলা থেকে তাকে আটক করা হয় বলে খবর হিন্দুস্তান টাইমসের। 

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি এর্নাকুলাম সাব জেলে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, রঞ্জিতের আসন্ন একটি সিনেমার শুটিং চলাকালে এক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। 

অভিযোগে বলা হয়, পরিচালক শুটিং সেট থেকে একটি মেকআপ ভ্যানে ডেকে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে রঞ্জিত বালাকৃষ্ণানের বিরুদ্ধে যৌন নির্যাতনের চেষ্টা, বেআইনিভাবে আটকে রাখাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এটি প্রথমবার নয়, ২০২৪ সালেও তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল।

সে সময় এক বাঙালি অভিনেত্রীর অভিযোগের জেরে তিনি কেরালা চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। 

 

যদিও তখন তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, তবু ঘটনাটি ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

পরিচালকের আইনজীবী জানিয়েছেন, শিগগিরই আদালতে জামিনের আবেদন করা হবে। এখন মামলার পরবর্তী শুনানির দিকেই সবার নজর।