Image description

ঢাকার দোহার উপজেলায় নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় জমির মালিককে মব সৃষ্টি করে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার দোহার বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, জমির মালিক পীর খন্দকার ডালু শাহ নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কর, উজ্জ্বল লস্করসহ ৮-১০ জন মিলে তাকে রাস্তায় ফেলে লাঞ্ছিত করেছেন। মুহূর্তে মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনার সঠিক বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ ডালু শাহ।

 

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দোহার বাজার এলাকায় পীর ডালু শাহ তার নিজ জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কর, উজ্জ্বল লস্করসহ ৮-১০ সন্ত্রাসী তার ওপর হামলা চালায় এবং তাকে মেরে রাস্তায় ফেলে দেয়।  মুহূর্তে মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘পীর ডালু শাহ একজন বৃদ্ধ মানুষ। তাকে দিনদুপুরে এভাবে রাস্তায় ফেলে মারাটা অন্যায় ও অমানবিক।’

এ বিষয়ে পীর ডালু শাহ বলেন, ‘আমার ব্যক্তিমালিকানাধীন জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে কিছু সন্ত্রাসী আমাকে মেরে আহত করেছে। পাশে দরবার শরিফ ও আমার পেট্রল পাম্প—এই দুটি স্থাপনা রক্ষার জন্য আমি কাঁটাতারের বেড়া দিয়ে জায়গাটি বন্ধ করে দিয়েছি।

কিন্তু স্থানীয় কিছু সন্ত্রাসী আমাকে আঘাত করে লাঞ্ছিত করেছে। আমি এখন হাসপাতালে আছি। এ বিষয়ে অভিযুক্ত সম্রাট বেপারীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।’

 

ঘটনার সংবাদ পেয়ে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন, ‘পাম্প মালিক পীর শাহ ডালুকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’