Image description

স্বাধীনতার পর থেকে একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে মার্চে। সব রেকর্ড ভেঙে মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন (৩৭৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মার্চের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ছিল ঊর্ধ্বমুখী। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের উপলক্ষে এ মাসে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার।

 

এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ডটি ছিল গত বছরের মার্চ মাসের। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। এ ছাড়া গত বছরের ডিসেম্বরে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা বর্তমানে তৃতীয় সর্বোচ্চ।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৬৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এর মধ্যে কৃষি ব্যাংকে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬৪ কোটি ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ২০ হাজার ডলার।