রিয়াল মাদ্রিদ শিবিরে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি নিয়ে নাটকীয়তা মোড় নিয়েছে নতুন দিকে। হাঁটুতে দীর্ঘস্থায়ী চোটের সঠিক চিকিৎসা না হওয়ায় ক্লাবের মেডিকেল টিমের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। পরিস্থিতির গুরুত্ব বুঝে উন্নত চিকিৎসার জন্য এবং দ্বিতীয় মতামতের আশায় ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন ২৭ বছর বয়সী এই সুপারস্টার।
গত ডিসেম্বর থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপ্পে। অভিযোগ উঠেছে, রিয়ালের মেডিকেল স্টাফরা তার চোটের মূল কারণ উদঘাটন করতে ব্যর্থ হয়েছেন। গত সপ্তাহে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের সময়ও এমবাপ্পে ফ্রান্সে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছিলেন।
রিপোর্টা অনুযায়ী, এমবাপ্পের হাঁটুর 'মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট' নাকি 'কাউডাল ক্রুশিয়েট লিগামেন্ট'—ঠিক কোথায় চোট লেগেছে, তা নিশ্চিত করতে পারেনি ক্লাবের চিকিৎসকরা। ভুল রোগ নির্ণয়ের কারণে তাকে ব্যথানাশক দিয়ে খেলানো হয়েছে, যা চোটকে আরও গুরুতর করে তুলেছে। এমবাপ্পে এবং তার ঘনিষ্ঠরা মনে করছেন, গত তিন মাস ধরে তাকে ভুলভাবে পরিচালনা করা হয়েছে।
এল ডেসমার্কে-র প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদের একটি অংশ এখন মনে করছে যে, কেবল ফিজিওথেরাপি বা রক্ষণশীল চিকিৎসায় কাজ হবে না। এমবাপ্পের হাঁটুতে দ্রুত একটি অস্ত্রোপচার প্রয়োজন। তবে এমবাপ্পে নিজে এখনই ছুরি-কাঁচির নিচে যেতে আগ্রহী নন। অস্ত্রোপচার করলে তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে, যা এই মৌসুমে তিনি এড়াতে চান।
পরিসংখ্যান বলছে, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার হিসেবে এটিই এমবাপ্পের ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম। সাধারণত ইনজুরি-মুক্ত থাকা এই খেলোয়াড় বর্তমান পরিস্থিতির কারণে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এমবাপ্পের এই অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। তিনি সোমবার রাতে গেতাফের বিপক্ষে ম্যাচে থাকছেন না। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার খেলা নিয়েও ঘোরতর সংশয় দেখা দিয়েছে। ক্লাব এবং সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্রান্সের বিশেষজ্ঞদের মতামতের জন্য।