পাকিস্তানের তিন সিনিয়র ক্রিকেটার মুহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও ইমাম উল হকের ক্যারিয়ার প্রায় শেষ। আর কোনও দিন পাকিস্তানের জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই তাদের। এমনটাই স্পষ্ট করে দিয়েছেন দলের কোচ মাইক হেসন। তার মাথায় হাত রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক রিজওয়ান ও মাসুদ এবং সিনিয়র ব্যাটার ইমামকে আর কোন ভাবেই জাতীয় দলে দেখছেন না হেসন। তাকে নাকভি নির্দেশ দিয়েছেন, নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে। তার সিদ্ধান্ত নিয়ে কেউ প্রশ্ন করবে না। ফলে নিজের মতো করে পাক দলে রদবদল করছেন হেসন।
ইতোমধ্যেই পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তিন ক্রিকেটারকে। তাদের স্পষ্ট করে দেওয়া হয়েছে, ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও আর পাকিস্তানের জাতীয় দলে তাদের নেওয়া হবে না। তারা ইতোমধ্যেই পাকিস্তানের হয়ে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
ইংল্যান্ড সফরের মাঝে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল রিজওয়ান ও ইমামকে। তাদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা-সহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। তার তদন্তও চলছে। মাসুদকে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে।
তিন ক্রিকেটারের জন্য দরজা বন্ধ হয়ে গেলেও বাবরকে নিয়ে হেসনের পরিকল্পনা ভিন্ন। পাকিস্তানের কোচের মতে, বাবরের মতো ক্রিকেটার যে কোনও দিন দলের হয়ে বড় রান করতে পারবেন। তাই তাকে দল থেকে বাদ দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত হেসনের নেই।
সিনিয়র ক্রিকেটারদের ভিড়ে তরুণ সাইম আয়ুবকেও পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, আয়ুব কয়েক দিন ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন। হেসন তাকে পরামর্শ দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে আবার দলে ঢুকতে হবে। তরুণ এই ক্রিকেটারকে সময় দেওয়ার পক্ষে পাক কোচ।