Image description

ডেমোক্র্যাট সিনেটর-ইলেক্ট আবদুল এল-সাইয়েদ প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির নাম ‘ট্রাম্পকেয়ার’ করা হোক। তার এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে এল-সাইয়েদের সঙ্গে বৈঠক করার আগ্রহও জানিয়েছেন তিনি। এবার স্বাস্থ্যসেবা নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আবদুল এল-সাইয়েদের সঙ্গে তার বৈঠক হবে। এ সময় এল-সাইয়েদের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি একজন বুদ্ধিমান মানুষ। তিনি ভালো কাজ করেছেন। সত্যিই খুব ভালো করেছেন।’

‘মেডিকেয়ার ফর অল’ নামে পরিচিত সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির নাম পরিবর্তন করে ‘ট্রাম্পকেয়ার’ রাখার প্রস্তাব দিয়েছিলেন এল-সাইয়েদ। তার এই পরামর্শকে ‘খুবই বুদ্ধিদীপ্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়তো আমরা মাঝামাঝি কোনো জায়গায় পৌঁছাতে পারব।’

 
 

নির্বাচনী প্রচারে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছিলেন এল-সাইয়েদ। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার একাধিকবার রাজনৈতিক বিরোধও তৈরি হয়। তবে চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোনালি রঙের একটি ‘ট্রাম্পকেয়ার’ কার্ডের ছবি পোস্ট করেন তিনি। সেখানে প্রেসিডেন্টের প্রতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। শনিবার (২১ নভেম্বর) ওই পোস্টের স্ক্রিনশট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ট্রাম্প।

 
 

এদিকে, কংগ্রেসে নবনির্বাচিত ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে একযোগে কাজ করার সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তার মতে, দুই পক্ষ একসঙ্গে অনেক ভালো কাজ করতে পারে। তবে শুরুতে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

 

ট্রাম্প বলেন, ‘আমি সবকিছুতে ভেটো দেব। এরপর একপর্যায়ে তারা আলোচনায় আসতে চাইবে বলে মনে করি। তখন আমি রাজি হব। আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারব, একসঙ্গে অনেক ভালো কিছু করতে পারব।’

মধ্যবর্তী নির্বাচনের প্রচারপর্বে ট্রাম্প ও এল-সাইয়েদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছিল। সেই অবস্থান থেকে সরে এসে স্বাস্থ্যসেবা ইস্যুতে আলোচনার আগ্রহ প্রকাশকে দুই নেতার সম্পর্কে নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল-আরাবিয়া