Image description

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে সুজাউদ্দৌলা বলেন, বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ভুয়া খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে কিছু কিছু গণমাধ্যমও নিউজ করেছেন, যা ভিত্তিহীন সংবাদ।

তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি বগুড়ার পুলিশ সুপার, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। তারা জানিয়েছেন, বিএনপির উপজেলা কার্যালয়ের পাশে ময়লার স্তূপের আগুন থেকে বিএনপির কার্যালয়ের সামনের একটি ব্যানার পুড়ে যায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয় যে, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আর সেসব অপপ্রচারে গা ভাসায় কিছু গণমাধ্যমও। বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটা সঠিক নয়।