Image description

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হলেই পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। তবে নতুন ভোটার হতে শুধু অনলাইনে আবেদন করলেই হবে না, জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।

জন্মনিবন্ধন থেকে শুরু করে বাবা-মায়ের এনআইডি, নাগরিকত্ব সনদসহ বেশ কিছু নথি প্রয়োজন হয় এ প্রক্রিয়ায়। নতুন ভোটার হতে কীভাবে আবেদন করবেন, কোন কোন কাগজপত্র লাগবে এবং কোথায় জমা দিতে হবে, তা জেনে নেওয়া যাক।

নতুন এনআইডি করতে যেসব কাগজপত্র লাগবে

 
 
 

নতুন ভোটার নিবন্ধনের জন্য সাধারণত নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হয়-

 

১. জন্মনিবন্ধন সনদ: অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত জন্মনিবন্ধন সনদের কপি।

 

২. শিক্ষাগত যোগ্যতার সনদ: পিএসসি, জেএসসি, এসএসসি অথবা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

৩. বাবা-মায়ের এনআইডি: বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তাদের কেউ মারা গেলেও এনআইডি নম্বর বা পুরোনো কার্ডের কপি থাকলে তা জমা দিতে হবে।

৪. নাগরিকত্ব সনদ: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ।

৫. ঠিকানার প্রমাণ: বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি অথবা হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ।

৬. রক্তের গ্রুপের প্রতিবেদন: নির্ভরযোগ্য ল্যাবরেটরি থেকে করা রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট।

৭. বিবাহিতদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি এবং নিকাহনামা বা কাবিননামার অনুলিপি।

নতুন ভোটার হওয়ার আবেদন করবেন যেভাবে

নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া অনলাইনে আবেদন করার মাধ্যমে শুরু হয়। এরপর সংশ্লিষ্ট নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা ও বায়োমেট্রিক তথ্য প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হয়।

আবেদনের ধাপগুলো হলো-

প্রথম ধাপ: অনলাইনে আবেদন

প্রথমে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নতুন ভোটার নিবন্ধনের আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবা-মায়ের তথ্য, ঠিকানাসহ প্রয়োজনীয় সব তথ্য নির্ভুলভাবে দিতে হবে।

দ্বিতীয় ধাপ: আবেদন ফরম প্রিন্ট

অনলাইনে আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর ফরমে দেওয়া তথ্য ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

তৃতীয় ধাপ: নির্বাচন অফিসে আবেদন জমা

আবেদন ফরমের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে উপস্থিত হতে হবে। সেখানে জমা দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাই করা হবে।

চতুর্থ ধাপ: ছবি ও বায়োমেট্রিক তথ্য প্রদান

নিবন্ধন কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন অফিসে আবেদনকারীর ছবি তোলা হবে। একই সঙ্গে নেওয়া হবে দুই হাতের ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ডিজিটাল স্বাক্ষর।

সব তথ্য ও কাগজপত্র যাচাই এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার হিসেবে নিবন্ধিত হবেন আবেদনকারী। পরবর্তী সময়ে এনআইডি নম্বর ও পরিচয়পত্র পাওয়া যাবে।

আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

নতুন ভোটার হওয়ার আবেদন করার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ এবং বাবা-মায়ের এনআইডিতে থাকা নাম ও জন্মতারিখের সঙ্গে আবেদনপত্রের তথ্য মিলিয়ে নিতে হবে।

নামের বানান, জন্মতারিখ ও স্থায়ী ঠিকানায় কোনো ধরনের অসংগতি রাখা যাবে না। কারণ, তথ্যের ভুল বা অসংগতি থাকলে আবেদন যাচাইয়ের সময় অতিরিক্ত কাগজপত্র কিংবা ব্যাখ্যা চাওয়া হতে পারে।

এছাড়া এলাকাভেদে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে। তাই আবেদন শুরুর আগে নিজ এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা জেনে নেওয়া ভালো।

কোথায় করবেন অনলাইনে আবেদন?

নতুন ভোটার নিবন্ধনের আবেদন ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্যের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

ওয়েবসাইট: https://services.nidw.gov.bd/

আবেদন করার সময় সব তথ্য সঠিকভাবে পূরণ এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখলে নতুন ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা সহজ হবে।