Image description

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটা মন্দ কাটেনি পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট হারিয়ে ২৮১ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকেরা। দলের হয়ে অভিষেকেই ব্যাট হাতে নজর কেড়েছেন তাইয়েব আরিফ ও মোহাম্মদ তাহা। দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা।

টসের পর ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। দুই ওপেনার আজান ও তাইয়েব মিলে গড়েন ৮৬ রানের জুটি। ৩০ রান করে আজান ফিরলেও নিজের অভিষেক ইনিংস স্মরণীয় করে রাখেন তাইয়েব। মাত্র ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে ৫৭ রান করে থামে তার ইনিংস। তাতে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন এই ব্যাটসম্যান। এর আগে এজবাস্টনে পাকিস্তানের হয়ে ৪৩ বলে ফিফটি করে রেকর্ডটি গড়েছিলেন রাজাউল্লাহ।

তিন নম্বরে নেমে আরেক অভিষিক্ত মোহাম্মদ তাহাও ব্যাট হাতে সফল। ৫১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে বড় ইনিংস খেলতে পারেননি বাবর আজম। ৫০ রান করে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্টে টানা ৪০ ইনিংস ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না তিনি।

দিনের শেষ দিকে পাকিস্তানের হাল ধরেন সৌদ শাকিল। ৫৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। অন্য প্রান্তে ৭ রান নিয়ে তার সঙ্গে আছেন অভিষিক্ত গাজি ঘোরি। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হয়। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।