পর্যাপ্ত ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকরা।
আজ সোমবার বিকালে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে তারা একই পরিবারের একাধিক ডিলারশিপ বাতিলের দাবিও জানান। প্রশাসনের আশ্বাসে ১ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে অবরোধ শুরু হয়। শীতকালীন ফসলের জন্য সার পেতে বারবার ডিলারদের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন বলে জানান কৃষকরা।
তারা পর্যাপ্ত সরবরাহ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করার দাবি জানান। একই এলাকায় একই পরিবারের সদস্যদের সার ডিলারশিপ বাতিলের দাবিও তোলেন। পাশাপাশি তিনটি পৃথক স্থানে ডিলার নিয়োগের দাবি জানান তারা।
কৃষকদের ভাষ্য, হাটনাবাদ এলাকায় বিসিআইসির ডিলার মানিক ট্রেডার্স ও বিএডিসির ডিলার মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত।
মানিক ট্রেডার্সের ১৫০ বস্তা ডিএপি সার সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে বিক্রি করেন প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান। বিকালে মোশাররফ হোসেনের গুদাম থেকে আরও ১৫০ বস্তা বিক্রির কথা ছিল। তবে অপেক্ষমাণ কৃষকের সংখ্যা মজুদের চেয়ে বেশি ছিল। অনেকে সার না পাওয়ার আশঙ্কায় মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান গোদাগাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া। তারা কৃষকদের সঙ্গে কথা বলেন।
ইসরাত জাহান বলেছেন, অবরোধের আগে প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। কর্মকর্তারা পৌঁছানোর পর কৃষকরা মৌখিকভাবে অভিযোগ জানান।
তিনি জানালেন, কৃষকরা আগাম সরিষা চাষের বরাদ্দ এরই মধ্যে পেয়েছেন। এখন বেশি জমি চাষের পরিকল্পনায় তারা বাড়তি ডিএপি চাইছেন।
ইউএনও আরও বললেন, ফসলভেদে সারের চাহিদা ভিন্ন হয়। ডিএপির পাশাপাশি ইউরিয়া, এমওপি ও টিএসপিও প্রয়োজন। অথচ কৃষকেরা বিশেষভাবে ডিএপিই চাইছেন।
কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেছেন, ইউনিয়নে পর্যাপ্ত সার মজুদ আছে। উল্লেখযোগ্য পরিমাণ এরই মধ্যে বিতরণও করা হয়েছে। তিনি জানালেন, কৃষকরা চান ডিলাররা এক জায়গায় না থেকে বিভিন্ন ওয়ার্ডে আলাদা স্থানে সার বিক্রি করুন।
কর্মকর্তারা কৃষকদের আশ্বাস দেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। চাহিদা অনুযায়ী ন্যায্যভাবে সার বিতরণ করা হবে। এরপর কৃষকরা অবরোধ তুলে নেন।