Image description

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি পাবলিক বাসে সন্ধ্যায় আগুন লেগেছে। এই ঘটনায় আধা ঘণ্টার মতো মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ছয়টায় এন এম লাব্বাইক পরিবহন নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়।

বাসের আগুনের ধোঁয়ায় মেট্রো স্টেশনও আচ্ছন্ন হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি বেধে যায়।

পরে আধা ঘণ্টার কিছু বেশি সময় মেট্রো স্টেশন বন্ধ রেখে দমকল কর্মীরা বাসের আগুন নেভানোর পর আবার মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়।

 

তবে, কেউ বাসে আগুন দিয়েছে কিনা এমন প্রশ্নে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত ছাড়া এই বিষয়টি জানা যাবে না। তদন্ত চলছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি পাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।