চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে এসে পৌঁছালে তাকে দেখে বড় ভাইয়ের মৃত্যু হয়।
মৃত সহোদর দুই ভাই মোহাম্মদ হাসান খান (৫৫) ও মোহাম্মদ হাসিম খান (৬০) উপজেলার মতলব পৌরসভার নবকলস গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান খানের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ছোট ভাই মোহাম্মদ হাসান খান ভাড়া বাড়িতে মারা যান। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে এলে তাকে দেখে তার বড় ভাই মোহাম্মদ হাসিম খান একই দিন বিকাল ৩টার দিকে নবকলস গ্রামের নিজ বাড়িতে মারা যান।
নিহতের ভাতিজা রাহি খান বলেন, আমার ছোট কাকা হাসান খান সোমবার সকাল ১০টার দিকে মারা যান। একই দিন বড় কাকা হাসিম খান বিকাল ৩টায় মারা যায়। পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দান করো মাবুদ।
নবকলস গ্রামের বাসিন্দা সোহেল প্রধান বলেছেন, একদিনে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।