ক্রিস্তিয়ানো রোনালদোর বিস্ফোরক অভিযোগের পর অবশেষে মুখ খুলেছেন পর্তুগালের কোচ জর্জ জেসুস। আন্তর্জাতিক ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে রোনালদো জেসুসের সততা নিয়েই প্রশ্ন তুলেছিলেন।
তবে রোনালদোর সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধে জড়াতে চান না জেসুস। বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আমার মনোযোগ এখন জাতীয় দলের কাজেই।‘
রোনালদোর প্রকাশিত বিবৃতি সম্পর্কে জানতে চাইলে জেসুস বলেন, ‘আমি বিবৃতিটি পড়েছি। এখন প্রতিদিনের মতোই ফেডারেশনে গিয়ে কাজ করব, দল ও জাতীয় দল নিয়ে ভাবব।’
রোনালদো পর্তুগালের ক্যাম্প ছেড়ে যাওয়ার পরই শুরু হয় এই বিতর্ক। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় পর্তুগাল অধিনায়ক স্বীকার করেন মাঝপথে ক্যাম্প ছেড়ে যাওয়া গুরুতর বিষয় এবং অধিনায়ক হিসেবে এর জন্য তাকে শাস্তিও পেতে হতে পারে। তবে একইসঙ্গে জেসুসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন তিনি।
রোনালদোর প্রধান অভিযোগ নরওয়ের বিপক্ষে ম্যাচকে ঘিরে। তার দাবি, ওই ম্যাচে প্রায় ৩০ মিনিট খেলার কথা তাকে জানানো হলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। এমনকি ওয়ার্মআপ করার পরও পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকতে হয় তাকে।
এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন নিয়েও জেসুসের বিরুদ্ধে অভিযোগ করেন রোনালদো। তার দাবি, সংবাদমাধ্যমের সঙ্গে কীভাবে কথা বলবেন সে বিষয়ে একটি লিখিত নির্দেশনা জেসুসকে দেখানো হয়েছিল এবং তিনি সেটি অনুমোদনও করেছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনে কোচ শেষ পর্যন্ত সেটি অনুসরণ করেননি।
সব মিলিয়ে রোনালদো ও জেসুসের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। নিজের বিবৃতিতে রোনালদো দুঃখ প্রকাশ করলেও জেসুসের বিরুদ্ধে দেওয়া অভিযোগের কারণে পর্তুগালের ফুটবল অঙ্গনে কোচকে নিয়ে আলোচনা ও সমালোচনা আরও বেড়েছে।