Image description

পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করতে বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ক্যাম্পেইনের আওতায় মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

 

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ ক্যাম্পেইন, চলবে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে মাঠপর্যায়ে আরও কার্যকর করতে হবে। মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দিতে হবে; যাতে পরিবার পরিকল্পনা সেবা নেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে।

 

স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ক্যান্সার চিকিৎসার সক্ষমতা বাড়াতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে।

 

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার আধুনিক প্রযুক্তি বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন হলে মানুষ নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন, ঢাকার ওপর চাপও কমবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ডেঙ্গু-পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয়েও চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।