Image description

ফরিদপুরে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা করার দায়ে মামলার বাদী গৃহবধূ ও তার স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের ওয়াজ হাওলাদারের ডাঙ্গী গ্রামের গৃহবধূ রিনা আক্তার (৩৫) ও তার স্বামী মাসুদ বেপারী (৪২)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর একই এলাকার বাসিন্দা জয়নাল হাওলাদারের (৪৫) বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন রিনা আক্তার। মামলায় অভিযোগ করা হয়, ওই বছরের ২৮ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা জয়নাল তাকে পেছন থেকে জাপটে ধরে মুখ চেপে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জয়নাল পালিয়ে যান।

বিজ্ঞাপন

পরে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলাকালে বুধবার আদালতে হাজির হন রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারী। আসামিপক্ষের আইনজীবীদের জেরার একপর্যায়ে তারা যে মামলা করেছেন, সেটি মিথ্যা—এমন প্রমাণ উঠে আসে বলে আদালত সূত্রে জানা গেছে।

এরপর মিথ্যা মামলা করার অভিযোগে মামলার বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা করার অভিযোগে আদালত মামলার বাদী ও তার স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এই রায়ের মাধ্যমে মিথ্যা মামলা দায়েরের ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি।