ভারতের সরে যাওয়ার সুবাদে শেষ মুহূর্তে আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশ সময় বিকাল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন হামজারা।
এর তিন দিন পর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে হামজারা। বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
প্রিমিয়ার ডিভিশনে মোট আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ৫ অক্টোবর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
এর আগে একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী বা ব্রোঞ্জ ফাইনালে খেলবে ‘এ’ ও ‘বি’ গ্রুপের রানার্সআপ। ফিফা আসিয়ান কাপের চ্যালেঞ্জ ডিভিশনে দুই গ্রুপে খেলবে হংকং, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনেই ও পূর্ব তিমুর। এই ডিভিশনের ম্যাচগুলো হবে হংকংয়ে।
বাংলাদেশের ম্যাচ সূচি
২৫ সেপ্টেম্বর—বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকাল ৩টা।
২৮ সেপ্টেম্বর—সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকাল ৩টা।
১ অক্টোবর—ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।