চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোস্তাক আহমেদ নামে ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তার স্ত্রী কর্মস্থল থেকে ফিরে স্বামীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
আজ বুধবার রাতে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকার ব্রিকফিল্ড গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাক আহমেদের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। তিনি কোনো কাজকর্ম করতেন না। তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল আগামীর সময়কে বললেন, 'মোস্তাকের দুই স্ত্রী। প্রথম সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে আছে। তারা থাকেন দেওয়ানহাট এলাকায়।দ্বিতীয় স্ত্রীকে মোস্তাক ছিলেন হালিশহরে ভাড়া বাসায়। দ্বিতীয় সংসারে সন্তান নেই।'
'আজ রাত ৯টার দিকে স্ত্রী কারখানা থেকে ফিরে বাসার দরজা খোলা পান। ভেতরে গিয়ে দেখেন মেঝেতে মোস্তাকের রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপর আমাদের জানানো হয়। তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করা হয়েছে।'
হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বললেন, 'পারিবারিক ঝগড়ার বিষয় হতে পারে। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কোনো অশান্তি ছিল না বলে জানতে পেরেছি। আবার অন্য কোনো ঘটনাও থাকতে পারে।'
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে ওসি জানালেন।