Image description

সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে, ম্যারাডোনা, ক্রুইফ নাকি মেসি? ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের অবশ্য সর্বকালের েসরা ফুটবলার নিয়ে দ্বিধা নেই কোন। লিওনেল মেসিকেই সেরাদের সেরা বেছে নিলেন তিনি। শুধু তাই নয়, মেসিকে সর্বকালের সেরা না মানাদের ফুটবল জ্ঞান নিয়েও প্রশ্ন করেছেন জিদান।
মেসির প্রশংসায় জিদান বললেন,‘আপনি যদি এখনো দ্বিধায় থাকেন যে সর্বকালের সেরা কে, তবে ফুটবলের কিছুই আপনি বোঝেন না।’
আর্জেন্টাইন এই কিংবদন্তি ৩৯ বছর বয়সেও আছেন সেরা ছন্দে। বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আবারও মনোনয়ন পেয়েছেন ব্যালন ডি’অরের। মেসিই যে পুরস্কারটার যোগ্য, জিদান স্মরণ করিয়ে দিলেন সেটাও। ফরাসি এই কোচ কেবল আর্জেন্টাইন তারকার প্রার্থিতাই সমর্থন করেননি, বরং জোর দিয়ে বলেছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে তিনি বারবার তাকেই বেছে নেবেন,‘আমি মেসিকে ১০০ বার ভোট দেব।’
৩৯ বছর বয়সে এসেও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেসির ক্ষমতা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মানুষ সত্যিই বুঝতে পারছে না যে ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা খেলোয়াড়দের কাতারে থাকাটা কতটা অবিশ্বাস্য এক ব্যাপার। মেসি এই পুরস্কার জিতলে আমি মোটেও অবাক হব না।’
ইতিহাসের সেরা ফুটবলার কে—এই বিতর্ক নিয়ে জিদান জোর দিয়েই বলেন, ‘মেসিই সেরা কি না, তা নিয়ে এখনো যদি কারো মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তবে সততার সঙ্গেই বলছি—ফুটবল নিয়ে কথা বলার অধিকারই তার নেই।’