দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চলতি মাসের প্রথম ৯ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন, যা জুলাইয়ের পুরো মাসের মৃত্যুর সমান।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাতেও একই চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৯২ জন। জুলাইয়ে এই সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯২ জন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯, খুলনা বিভাগে ২৫৫, ময়মনসিংহ বিভাগে ৮৮, রংপুর বিভাগে ১৭৪ ও সিলেট বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতিতে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ মাস আগস্ট। গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন। মারা গেছেন ৪৩ জন, যা চলতি বছর এক মাসে সর্বোচ্চ মৃত্যু।
মূলত গত জুন থেকে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। মৃত্যুর ক্ষেত্রেও পরিস্থিতির ধারাবাহিক অবনতি দেখা যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার ৫৫৩ জন। প্রাণ হারিয়েছেন ১৩৩ জন।