শেষ হওয়ার পাঁচ মিনিট আগেও বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে ছিল আর্জেন্টিনা। ৬০ বছর পর ফাইনালে ফেরার স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর আগে যে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেটিই আরেকবার মনে করিয়ে দিলেন লিওনেল মেসিরা।
৮৫ মিনিটে এনসো ফের্নান্দেসের দুর্দান্ত গোলে সমতা। যোগ করা সময়ে লাওতারো মার্তিনেসের হেডে জয়। দুটি গোলই বানিয়ে দিলেন মেসি। নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।
আটলান্টা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরের সেমিফাইনালে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন অ্যান্থনি গর্ডন। ৫৫ মিনিটে করা তাঁর গোলটি প্রায় ৩০ মিনিট ধরে আগলে রেখেছিল টমাস টুখেলের দল। কিন্তু শেষ পাঁচ মিনিট ও যোগ করা সময়ের আর্জেন্টাইন ঝড়ে ভেঙে যায় তাদের প্রতিরোধ।