Image description

বিশ্বকাপে মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারও ভ্রমণ জটিলতায় পড়েছে ইরান ফুটবল দল। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, সিয়াটল যাত্রার সময় ফরোয়ার্ড মেহদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোয়িকে বিমানবন্দরে আটকে রাখা হয়। এতে দলের যাত্রা প্রায় ২৫ মিনিট বিলম্বিত হয়।

ইরানের ফুটবল ফেডারেশন বুধবার এক বিবৃতিতে জানায়, মেক্সিকো থেকে সিয়াটলে যাওয়ার সময় আয়োজক দেশের কর্মকর্তারা তারেমি ও আলহোয়ির ক্ষেত্রে ‘সমস্যা তৈরি’ করেন। তবে ঠিক কী কারণে তাদের আটকে রাখা হয়েছিল, তা বিবৃতিতে জানানো হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, সেটিও পরিষ্কার নয়।

ফেডারেশন জানিয়েছে, প্রায় ২৫ মিনিট পর তারেমি ও আলহোয়ি দলের সঙ্গে যোগ দেন। এরপর পুরো দল সিয়াটলের উদ্দেশে রওনা হয়। মিসরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচ হবে সিয়াটলে। বাংলাদেশ সময় ম্যাচটি হবে ২৭ জুন সকাল ৯টায়।

এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন এক দিন আগেই যুক্তরাষ্ট্র ইরান দলের ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করার কথা জানিয়েছিল। আগে ইরান দলকে ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল। সিয়াটলের ম্যাচের জন্য তাদের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ম্যাচ শেষ হওয়ার দিনই দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে, এই শর্ত বহাল আছে।

ইরান দল এবারের বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প করেছে মেক্সিকোর তিহুয়ানায়। গ্রুপ পর্বের তিন ম্যাচই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে হলেও রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা বিধিনিষেধের কারণে দলটিকে মেক্সিকো থেকে যাওয়া-আসা করতে হচ্ছে। প্রথম দুই ম্যাচের আগে তারা ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে ঢুকেছে এবং ম্যাচ শেষে দ্রুত দেশ ছেড়েছে।

এই ভ্রমণ ব্যবস্থা নিয়ে আগে থেকেই অসন্তোষ জানিয়ে আসছে ইরান। কোচ আমির ঘালেনোয়ি দলকে বিশ্বকাপের সবচেয়ে বেশি চাপে থাকা দলগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন। তারেমিও যুক্তরাষ্ট্রের ভ্রমণনীতি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে দলের স্বাভাবিক বিশ্বকাপ অভিজ্ঞতা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।

ইরানের পক্ষ থেকে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার কথাও আগে জানানো হয়েছিল। তাদের দাবি, বারবার সীমান্ত পারাপার, সীমিত সময়ের প্রস্তুতি এবং ভ্রমণ অনিশ্চয়তা খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য নিরাপত্তা কারণ দেখিয়ে বিধিনিষেধের পক্ষে অবস্থান নিয়েছেন।

মাঠের হিসাবেও মিসর-ইরান ম্যাচটি গুরুত্বপূর্ণ। গ্রুপ ‘জি’-তে মিসর এগিয়ে থাকলেও ইরানও শেষ ৩২-এর দৌড়ে আছে। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ড্র করার পর শেষ ম্যাচে জিতলে ইরানের শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা জোরালো হবে। সেই ম্যাচের আগে এই নতুন ভ্রমণ বিতর্ক দলটির প্রস্তুতির ওপর আরও চাপ বাড়াল।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারেমি ও আলহোয়িকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফিফাও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।