ভারতে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কে? গত কয়েক সপ্তাহ ধরে এটাই ছিল 'মিলিয়ন ডলারের' প্রশ্ন। বিশ্বকাপ যত ঘনিয়ে এসেছে, বেড়েছে শঙ্কাও। শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ভারতের ফুটবল ভক্তরা। বিশ্বকাপের ১০ দিন আগে জানা গেল, জি এন্টারটেইনমেন্টে পেয়েছে বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব।
২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ সম্প্রচারের জন্য ভারতের কাছে ১০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল ফিফা। তবে কেউই এত মোটা অংকে সত্ত্ব কিনতে রাজি হয়নি। সত্ত্ব না কেনার কারণ হিসেবে নানা ইস্যুকে সামনে এনেছিল ভারতীয় কোম্পানিগুলো।
কমাতে কমাতে ফিফা টাকার অঙ্ক নামিয়ে এনেছিল ২৫ মিলিয়নে। তাও এতদিন পর্যন্ত বিশ্বকাপের সত্ত্ব বিক্রি হয়নি।
শেষ পর্যন্ত জি এন্টারটেইনমেন্টের কাছে সত্ত্ব বিক্রি করতে পেরেছে ফিফা। মাত্র ২০ মিলিয়ন ডলারে সম্প্রচার সত্ত্ব কিনেছে ভারতের এই প্রতিষ্ঠানটি।
ম্যাচ সম্প্রচারের পাশাপাশি প্রি-ম্যাচ শো, হাইলাইটস, বিশেষ বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের মন্তব্যও থাকছে জি এর প্যাকেজে।
জি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পুনিত গোয়েনকা জানিয়েছেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এবারের বিশ্বকাপের ম্যাচগুলো আমরা দেখাব। ফুটবল একটি সার্বজনীন খেলা। আমাদের লক্ষ্য থাকবে ভবিষ্যতে ভারতে ফুটবলের প্রচার ও প্রসারে ভূমিকা রাখা।‘
জি এর ইউনাইট এইট স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের সব খেলা। এছাড়াও অনলাইনে জি ফাইভেও লাইভ স্ট্রিমিং হবে ম্যাচগুলোর।