Image description

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার নীতির সমালোচনাকারীদের কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি।

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান সত্যিই একটি চুক্তি করতে চায় এবং শেষ পর্যন্ত যে সমঝোতাই হোক না কেন, তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইতিবাচক হবে।

একই পোস্টে তিনি ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান নেতার সমালোচনা করে বলেন, তারা কখনও দ্রুত পদক্ষেপ নেওয়ার, কখনও ধীরগতিতে এগোনোর, আবার কখনও যুদ্ধ করার বা না করার পরামর্শ দিয়ে আলোচনার প্রক্রিয়াকে জটিল করে তুলছেন।

 
 

ট্রাম্প লেখেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিরা যখন বারবার আমাকে কী করা উচিত তা বলে, তখন আমার জন্য সঠিকভাবে কাজ করা ও আলোচনা চালানো আরও কঠিন হয়ে পড়ে।

 
 

তিনি আরও বলেন, শুধু ধৈর্য ধরুন এবং স্বস্তিতে থাকুন। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই শেষ হবে, যেভাবে সবসময়ই হয়।

 

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয়ে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক বিষয়ে কখন পদক্ষেপ নিতে হবে, তা আমরা জানি। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার যুদ্ধের অবসান ঘটানো।

বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন। তিনি দাবি করেন, আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সূত্র : আল জাজিরা