পাকিস্তানকে একটি প্রধান আঞ্চলিক শক্তি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মন্তব্য করেছেন আঞ্চলিক সংস্থাটির শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস।
আজ সোমবার ইসলামাবাদে এক বৈঠকে ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট এবং ইইউ-এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি (এইচআর/ভিপি) হিসেবে দায়িত্ব পালনকারী কাল্লাস এ মন্তব্য করেন।
বৈঠকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার আমন্ত্রণেই কাল্লাস পাকিস্তান সফর করছেন।
আজ অনুষ্ঠিত অষ্টম ইইউ-পাকিস্তান কৌশলগত সংলাপে দুই পক্ষের মধ্যে কাঠামোগত সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে।
আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাল্লাস বলেছেন, ‘পাকিস্তান একটি প্রধান আঞ্চলিক শক্তি এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’
তিনি বলেছেন, ‘আজ কৌশলগত সংলাপে আমরা ইইউ-পাকিস্তান সম্পর্ককে আরও জোরদার করার ব্যাপারে আমাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দার ও কাল্লাস পাকিস্তান-ইইউ সম্পর্কের ইতিবাচক গতিপথকে স্বীকার করেছেন এবং পারস্পরিক লাভজনক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে সম্মত হয়েছেন।
সূত্র: ডন